মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

যুদ্ধের সমাপ্তি তেহরানই নির্ধারণ করবে, ট্রাম্পকে কড়া বার্তা ইরানের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-১০ ১৪:০৩:১৮
ছবি: সংগৃহীত।

ইরানে চলমান সংঘাতের অবসান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র বা অন্য কেউ নয়-যুদ্ধ কখন শেষ হবে, তা নির্ধারণ করবে ইরানই।
এই প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীটি এক বিবৃতিতে বলেছে, এখন অঞ্চলটির সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি তাদের সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে এবং আমেরিকান বাহিনী এই যুদ্ধের ইতি টানতে পারবে না।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হয়ে যেতে পারে। তার এই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসে।
বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, যুদ্ধের সমাপ্তি তারা নিজেরাই নির্ধারণ করবে। বর্তমান পরিস্থিতিতে অঞ্চলের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামরিক সমীকরণ ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে।
এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে সংঘাত স্বল্পস্থায়ী হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ইরান এমন কোনো পদক্ষেপ নেয় যাতে হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যতটা আঘাত করেছে তার চেয়ে বহু গুণ কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকদের ধারণা।

কী-ওয়ার্ড:ইরান যুদ্ধ,ট্রাম্প মন্তব্য,হরমুজ প্রণালি


এ জাতীয় আরো খবর