বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জেরুজালেমে ভোরের বিস্ফোরণ,ইরান থেকে ক্ষেপণাস্ত্র সতর্কতার পর ইসরায়েলে উচ্চ সতর্কতা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০৪ ২১:৪৭:১৪
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বুধবার ভোরে জেরুজালেমের আকাশে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কতা জারির পরপরই এই পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে এএফপি।
ইসরায়েলি সামরিক সূত্র জানায়, প্রথম দফার হামলার প্রায় দুই ঘণ্টা পর দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে। সতর্কবার্তা হিসেবে জেরুজালেমসহ বড় শহরগুলোতে সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
শোরেশ অঞ্চলে একের পর এক প্রজেক্টাইল আছড়ে পড়ার খবর পাওয়া গেছে। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণরক্ষায় সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিকটবর্তী সুড়ঙ্গ ও আন্ডারগ্রাউন্ড টানেলে আশ্রয় নিতে শুরু করেন। কয়েক ঘণ্টা ধরে সেখানে টানা সতর্ক সংকেত বাজতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সুড়ঙ্গের ভেতরের দৃশ্যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে দেখা গেছে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আগত হুমকি মোকাবিলা করছে। বিস্ফোরণগুলো সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের ফল নাকি মাঝআকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংসের কারণে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
টানা পাঁচ দিন ধরে চলা এই সংঘাতের জেরে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি চরম ঝুঁকির মুখে পড়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

কীওয়ার্ড:জেরুজালেম বিস্ফোরণ,ইরান ইসরায়েল সংঘাত,মধ্যপ্রাচ্য নিরাপত্তা


এ জাতীয় আরো খবর