মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

কুয়েতে ড্রোন হামলায় নিহত চার মার্কিন সেনার পরিচয় প্রকাশ, সংঘাত বাড়ার আশঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০৪ ১২:০৩:১৬
ছবি: সংগৃহীত।

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিহত প্রথম চারজন মার্কিন সেনাসদস্যের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন সতর্ক করেছে, উত্তেজনা আরও বাড়লে অতিরিক্ত মার্কিন হতাহতের আশঙ্কা রয়েছে।
বুধবার ৪ মে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ছয়জন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর রিজার্ভের একটি আইওয়া ইউনিটের সদস্য। রোববার কুয়েতের পোর্ট শুইবায় অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় তারা প্রাণ হারান।
সেনাবাহিনী নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন ক্যাপ্টেন কোডি এ. খোর্ক, ৩৫, ফ্লোরিডার উইন্টার হ্যাভেন; সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া এল. টিটজেন্স, ৪২, নেব্রাস্কার বেলভিউ; সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম. আমোর, ৩৯, মিনেসোটার হোয়াইট বিয়ার লেক এবং সার্জেন্ট ডেক্লান জে. কোডি, ২০, আইওয়ার ওয়েস্ট ডেস মইনেসের বাসিন্দা।
এর আগে শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে লক্ষ্য করে আঘাত হানা হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে, ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

কীওয়ার্ডঃমার্কিন সেনা নিহত,কুয়েত ড্রোন হামলা,ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত


এ জাতীয় আরো খবর