শনিবার, মার্চ ৭, ২০২৬

কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ,রিয়াদে ড্রোন হামলার পর উত্তেজনা তীব্র

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০৩ ২২:১৯:৫১
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন দূতাবাস কুয়েত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েতে ইরানের ধারাবাহিক হামলা এবং তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের ঘটনার পর মঙ্গলবার ৩ মার্চ এ সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। খবর জানিয়েছে সিনহুয়া।
দূতাবাস এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। নিয়মিত ও জরুরি সব ধরনের কনসুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।
গত ২ মার্চ কুয়েতে অবস্থিত মার্কিন মিশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে বিশ্বাসঘাতকতামূলক হামলা বলে অভিহিত করেছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দফতর মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার সতর্কতা জারি করেছে। গুরুতর নিরাপত্তা ঝুঁকির তালিকায় বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান ও কাতারের নাম উল্লেখ করা হয়েছে।
একই সময়ে সৌদি আরবে উত্তেজনা আরও বাড়ে। মঙ্গলবার ভোরে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস রিয়াদ-এ দুটি ড্রোন হামলা চালানো হয়। এতে ভবনে সামান্য আগুন ধরে এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর সৌদি আরবে মার্কিন মিশনগুলোর সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়।
রিয়াদের ঘটনার জেরে কানাডার দূতাবাস সৌদি আরব সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দূতাবাস বন্ধ থাকবে এবং আগামী শুক্রবার ৬ মার্চ পর্যন্ত সব ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।
ড্রোন হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে দেশটি জানায়, যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার এবং আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রিয়াদে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বড় ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হামলার জবাবে ওয়াশিংটন কী করবে, তা খুব শিগগিরই দেখা যাবে।

কী-ওয়ার্ডস: কুয়েত দূতাবাস বন্ধ, রিয়াদ ড্রোন হামলা, মধ্যপ্রাচ্য উত্তেজনা


এ জাতীয় আরো খবর