শনিবার, মার্চ ৭, ২০২৬

উপসাগরীয় নিরাপত্তা ইস্যুতে ভার্চ্যুয়াল বৈঠকে ইইউ-জিসিসি পররাষ্ট্রমন্ত্রীরা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০৩ ২১:২৬:২১
ফাইল ছবি

আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়ন-এর পররাষ্ট্রমন্ত্রীরা।
আগামী বৃহস্পতিবার ৫ মার্চ সকালে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। ইইউর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হবে। বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর সবচেয়ে বড় উদ্বেগ তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা। বিশেষ করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা, পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট এবং জ্বালানি অবকাঠামো সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, চলমান সংকট উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতদিন অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী-যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহী বা লেবাননের হিজবুল্লাহ-কেন্দ্রিক উদ্বেগ বেশি ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে রাষ্ট্রীয় পর্যায়ের সরাসরি সংঘাতের ঝুঁকি সামনে চলে এসেছে।
এ প্রেক্ষাপটে ইইউ ও জিসিসির এই বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিত অবস্থান গ্রহণের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে নতুন উদ্যোগের সম্ভাবনা তৈরি হতে পারে।

কী-ওয়ার্ডস: ইইউ জিসিসি বৈঠক, উপসাগরীয় নিরাপত্তা, আঞ্চলিক উত্তেজনা


এ জাতীয় আরো খবর