সোমবার, মে ২৫, ২০২৬

কিউবার জলসীমায় রক্তক্ষয়ী নৌ-সংঘর্ষ,ওয়াশিংটন-হাভানা সম্পর্কে নতুন উত্তেজনা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-২৬ ১৫:০৪:৩০
ছবি: সংগৃহীত।

কিউবার জলসীমায় ফ্লোরিডা নিবন্ধিত একটি স্পিডবোটের সঙ্গে কিউবান কোস্ট গার্ডের ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্র ও কিউবা-র মধ্যে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।
কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকালে ফ্লোরিডা থেকে আসা একটি স্পিডবোট ভিলা ক্লারা প্রদেশের জলসীমায় প্রবেশ করে। সীমান্তরক্ষীরা নৌকাটিকে থামার সংকেত দিলে আরোহীরা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোড়ে। এতে এক কিউবান কর্মকর্তা আহত হন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে নৌকায় থাকা চারজন নিহত এবং ছয়জন আহত হন।
হাভানার দাবি, নৌকাটির ১০ আরোহীই যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবান বংশোদ্ভূত এবং তারা কিউবায় ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করছিল। কিউবান কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, স্পিডবোট থেকে অ্যাসল্ট রাইফেল, হ্যান্ডগান ও মলোটভ ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের কয়েকজন কিউবার ওয়ান্টেড তালিকাভুক্ত বলেও দাবি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম মিশেল ওর্তেগা ক্যাসানোভা বলে নিশ্চিত করেছে সরকার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘটনাটিকে “উদ্বেগজনক ও অস্বাভাবিক” আখ্যা দিয়েছেন। তিনি বলেন, কিউবার দেওয়া তথ্যের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র সিদ্ধান্তে পৌঁছাতে চায় না; মার্কিন গোয়েন্দা সংস্থা ও কোস্ট গার্ড নিজস্ব তদন্ত চালাচ্ছে। নিহত বা আহতরা মার্কিন নাগরিক কি না, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিষয়টি অত্যন্ত গুরুতর।
ফ্লোরিডার রিপাবলিকান আইনপ্রণেতারাও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। কংগ্রেসম্যান কার্লোস গিমেনেজ কিউবা সরকারকে দায়ী করে বিচার দাবি করেছেন। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ভেনেজুয়েলা থেকে কিউবার তেল আমদানিতে বাধা-দুই দেশের সম্পর্ককে ইতোমধ্যে তলানিতে ঠেলে দিয়েছে। এই নৌ-সংঘর্ষ সেই উত্তেজনাকে আরও উসকে দিতে পারে।

সূত্র: The Washington Post

কী-ওয়ার্ডস:কিউবা-যুক্তরাষ্ট্র উত্তেজনা,নৌ-সংঘর্ষ,ফ্লোরিডা স্পিডবোটকূ,টনৈতিক সংকট

 


এ জাতীয় আরো খবর