সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার ঘটনায় তিন কর্মকর্তাকে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১০ দিনের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, “পত্র-পত্রিকায় যাদের নাম এসেছে, তারাই শোকজের তালিকায় রয়েছেন। জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
শোকজপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-নীল দলের সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল-এর সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি আকস্মিকভাবে এক সংবাদ সম্মেলনে তারা বক্তব্য দেন। সেখানে দুর্বল ব্যাংকের সঙ্গে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে গভর্নরের সমালোচনা করা হয় এবং তাকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন আয়োজনের এখতিয়ার ছিল কি না-এমন প্রশ্নে মুখপাত্র বলেন, বিষয়টি যেহেতু শোকজ প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাই এ মুহূর্তে মন্তব্য করা সম্ভব নয়। সংশ্লিষ্টদের জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
কী-ওয়ার্ড: বাংলাদেশ ব্যাংক শোকজ, গভর্নর বিতর্ক, কর্মকর্তাদের নোটিশ