রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

উদীচীর সাবেক সভাপতি ড. সফিউদ্দিন আহমদের প্রয়াণে শোকের ছায়া

  • মঞ্জুর মোর্শেদ মিল্টন
  • ২০২৬-০২-২৪ ১৩:৪৭:৫৮

দেশের প্রথিতযশা ভাষা ও সাহিত্য গবেষক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী-এর সাবেক সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ আর নেই। আজ ভোর ৪টা ৩০ মিনিটে রাজধানীর নয়া পল্টনের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
১৯৪১ সালের ১৯ অক্টোবর নরসিংদী জেলার রায়পুরায় জন্মগ্রহণ করেন অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় তিনি ছিলেন এক উজ্জ্বল নাম। দেশীয় সাহিত্যচর্চার পাশাপাশি বিশ্বসাহিত্য নিয়েও তাঁর বিস্তৃত গবেষণা ছিল। প্রগতিশীল চিন্তাচেতনা, সমাজমনস্কতা ও তথ্যনির্ভর বিশ্লেষণের জন্য তিনি বুদ্ধিজীবী মহলে বিশেষভাবে সমাদৃত ছিলেন।
ছাত্রজীবনে তিনি প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন এবং সামরিক শাসক আইয়ুব খান-এর শাসনবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। আন্দোলনে সম্পৃক্ততার কারণে তাঁকে দুইবার কারাবরণ করতে হয়।
শিক্ষাজীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর প্রতিষ্ঠালগ্ন থেকে ভাষাবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৫ সালে অবসর গ্রহণ করেন। পরে ২০১৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত উদীচীর ২০তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। ২০২২ সালের জুন পর্যন্ত টানা দুই মেয়াদে সংগঠনের নেতৃত্ব দেন তিনি।
উদীচী নেতৃবৃন্দ বলেন, ড. সফিউদ্দিন আহমদের মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। তাঁর প্রস্থান উদীচীর জন্য একজন অভিভাবক হারানোর বেদনা।

কী-ওয়ার্ড: সফিউদ্দিন আহমদ মৃত্যু, উদীচীর শোক, ভাষা সাহিত্য গবেষক


এ জাতীয় আরো খবর