মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা চালুর উদ্যোগ,ঈদের আগেই পাইলট কার্যক্রম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২১ ২১:৪৮:২৭
ছবি: সংগৃহীত।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সম্মানি ভাতা চালুর উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার। তবে ভাতার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।
শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়-এর সামনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মগুরুকে সম্মানি প্রদান। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে।
মাহদী আমিন জানান, ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।
এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, এটি ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় কর্মদিবস। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন তিনি। তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি ব্রিফিং নেন, পুরোনো অনেক কর্মচারীর সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নীতিগত বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ড: ইমাম ভাতা,নির্বাচনী প্রতিশ্রুতি, তেজগাঁও কার্যালয়


এ জাতীয় আরো খবর