বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগসমূহ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্য সদস্যরা হলেন-প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদফতর; মহাপরিচালক, গণযোগাযোগ অধিদফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১), যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আদেশে আরও বলা হয়, কমিটি অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।
তদন্ত শেষে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
কী-ওয়ার্ডস: বাসস, তদন্ত কমিটি, তথ্য মন্ত্রণালয়