শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

ত্রয়োদশ সংসদে কোটিপতি এমপি ৯১ শতাংশের বেশি: সুজনের বিশ্লেষণে সম্পদের চিত্র

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৯ ১৫:০০:১৬
ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি, যা মোট বিজয়ীদের ৯১.২৫ শতাংশ। এর মধ্যে ৫ কোটি টাকার অধিক সম্পদের মালিক ১৮৭ জন, অর্থাৎ ৬২.৯৬ শতাংশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুশাসনের জন্য নাগরিক (সুশাসনের জন্য নাগরিক–সুজন) আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত ২০৯ জনের মধ্যে ২০১ জনই (৯৬.১৭%) কোটি টাকার অধিক সম্পদের মালিক। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর ৬৮ জনের মধ্যে ৫২ জন (৭৬.৪৭%) কোটিপতি।
সুজনের সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় তথ্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২৫ লাখ টাকার কম সম্পদের মালিক মাত্র ২ জন (০.৬৭%)। সম্পদের ঘর পূরণ না করা ৩ জনসহ এই সংখ্যা দাঁড়ায় ৫ জনে (১.৬৮%)।
সুজনের বিশ্লেষণে দেখা যায়, প্রতিদ্বন্দ্বিতাকারীদের তুলনায় নির্বাচিতদের মধ্যে কোটিপতির হার বেশি। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে কোটিপতির হার ছিল ৫৫.৬৩ শতাংশ। বিপরীতে, ২৫ লাখ টাকার কম সম্পদের মালিক প্রার্থীদের হার ছিল ১৮.৭১ শতাংশ (৩৭৯ জন)। সম্পদের তথ্য পূরণ না করা ৫৮ জনসহ এ হার ছিল ২১.৫৭ শতাংশ (৪৩৭ জন)। কিন্তু নির্বাচিতদের ক্ষেত্রে স্বল্প সম্পদের মালিকদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে কমেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে তুলনায়ও কোটিপতি বিজয়ীর হার বেড়েছে। তখন এ হার ছিল ৮৯.৯৭ শতাংশ, যা বর্তমানে ৯১.২৫ শতাংশে উন্নীত হয়েছে। অন্যদিকে, স্বল্প সম্পদের বিজয়ীর হার ৩.০১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ০.৬৭ শতাংশে।
বিজয়ীদের মধ্যে শীর্ষ সম্পদশালী ১০ জনের তালিকায় শীর্ষে রয়েছেন শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ, যার ঘোষিত মোট সম্পদ ১১৯৯ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ১১০ টাকা। তালিকায় আরও রয়েছেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩), জাকারিয়া তাহের (কুমিল্লা-৮), গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), মোঃ সফিকুর রহমান কিরন (শরীয়তপুর-২), ফখর উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-১১), নাসের রহমান (মৌলভীবাজার-৩), মোঃ জালাল উদ্দিন (চাঁদপুর-২), মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা-৮) এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল হান্নান (চাঁদপুর-৪)।

কী-ওয়ার্ডস: কোটিপতি এমপি, সুজন প্রতিবেদন, সম্পদ বিশ্লেষণ


এ জাতীয় আরো খবর