চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নির্বাচন পরবর্তী সহিংসতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে গত শনিবার(১৪ ফেব্রুয়ারী) ককটেল তৈরীর সময় ভয়াবহ বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহতের ঘটনায় বিস্ফোরক আইনে পুলিশের দায়ের মামলায় অন্যতম সন্দেহভাজন হিসেবে শরিফ উদ্দিন দুলাল নামে(৪০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে ওই মামলায় ৬ জন গ্রেপ্তার হলেন।
গত রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ( ১৬ফেব্রুয়ারী) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়ক থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়। দুলাল ফাটাপাড়ার মৃত মকবুলের ছেলে ও কালাম(৫০) নামে যে ব্যাক্তির বাড়িতে ককটেল বাননো হচ্ছিল তাঁর ভাই। দুলাল বর্তমানে রাজশাহীর রাজপাড়া থানার বিল সিমলা এলাকার বাসিন্দা। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি বলেও জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, দুলালকে পুলিশ পাহারায় চাঁপাইনবাবগঞ্জ আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,সোমবার বিকালে দুলালকে আদালতে তুলে গত রোববার গ্রেপ্তার এজাহারনামীয় ২ আসামী ও দুলালের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনায় আহত মামলার অপর ৩ আসামী হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, মামলার এজাহারনামীয় ১০ আসামীর মধ্যে ৫ জন গ্রেপ্তার ও ৫ জন পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে রয়েছেন মামলার প্রধান আসামী,ইউপির বরখাস্ত চেয়ারম্যান,একাধিক হত্যা,মাদক,বিষ্ফোরকসহ বিভিন্ন মামলার আসামী শাহিদ রানা টিপু। এদিকে ঘটনার দুদিন পরেও এলাকা থমথমে রয়েছে।
উল্লেখ্য, ঘটনার জন্য বিএনপির সদর আসনে পরাজিত এমপি প্রার্থী হারুনুর রশীদ মূলত: জামায়াত ও আওয়ামী লীগকে দায়ী করলেও জেলা জামায়াত নেতারা তদন্ত না করেই তাঁদের দায়ী করার জন্য হারুনের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।