শুক্রবার, মার্চ ৬, ২০২৬

শান্তিপূর্ণ ভোটে নতুন অধ্যায়,জাতিকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১২ ১৯:৪১:২৫
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ভোটগ্রহণ শেষে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা, প্রার্থীদের সংযমী আচরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব—সব মিলিয়ে একটি ইতিবাচক ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী ও ভোটগ্রহণে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান। তাদের নিষ্ঠা, সমন্বয় ও পরিশ্রমের কারণেই এত বড় গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
চূড়ান্ত ফলাফল ঘোষণার পর রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান প্রফেসর ইউনূস। তিনি বলেন, মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আবারও প্রমাণ করেছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার এখনই সময়। এই নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজন হিসেবে চিহ্নিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, এ ভোটের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো। এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।

কী-ওয়ার্ডস: ত্রয়োদশ জাতীয় নির্বাচন,গণভোট,প্রফেসর মুহাম্মদ ইউনূস


এ জাতীয় আরো খবর