চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলা নিয়ে গঠিত ৩টি সংসদীয় আসনের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রসমূহে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। ভোটগ্রহণ শেষে যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ।বুধবার(১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন রিটার্নিং অফিসার। এ সময় সকল বাহিনীর উর্ধতণ কর্মকর্তা,বিচারক,প্রশাসন ও নির্বাচন সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট এই দু’ধরণের ভোটগ্রহণ হওয়ায় ফলাফল দিতে কিছু সময় বেশি লাগবে এমন কথা উঠলেও আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব রাতের মধ্যেই ফল প্রকাশ করতে। চরাঞ্চল সহ দূরবর্তী কেন্দ্র থেকেও যত দ্রুত ফল আনানো হবে। ফল প্রথমে কেন্দ্রে জানানো হবে। এরপর উপজেলাগুলোতে সংশ্লিস্ট সহকারী রির্টানিং অফিসারের(ইউএনও) নিকট যাবে। এরপর রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা হবার পর ঘোষণা হবে। পোস্টাল ব্যালটের ভোট পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সমন্বয় করা হবে। তিনি আরও বলেন,নির্বাচন নিয়ে নানা কথা শোনা গেলেও সুনির্দিষ্ট কোন অভিযোগ এখনও কেউ করে নি। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। তিনি গুজব এবং মিথ্যা সংবাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহব্বান জানান।
জেলা প্রশাসক বলেন,তফসিল ঘোষণার পর যে রোডম্যাপ নিয়ে কাজ শুরু করেছি তার শেষ ধাপে রয়েছি। বৃহস্পতিবারের ভোট উৎসবের মধ্যে দিয়ে তা শেষ হবে। ভোটগ্রহণ সামগ্রী জেলার ৫১৫টি কেন্দ্রে পাঠানো সম্পন্ন হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভাল। সেনা সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, জেলার সকল কেন্দ্র সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। ১১৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ম্যাজিষ্টেটের সংখ্যাও বাড়ানো হয়েছে। সামগ্রিক পরিস্থিতি ভাল। বাইরে কর্মরত জেলার বাসিন্দা মানুষ শ্রোতের মত যেবাবে আসছেন তাতে মনে হচ্ছে আমরা একটি ভোট উৎসবের দিকে যাচ্ছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১ জন সশস্ত্র ও ২ জন নিরস্ত্র পুলিশ এবং ১৬ জন আনসার সহ ১৯ জন নিরাপত্তা কর্মী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। এছাড়াও সকল বাহিনীর স্ট্রাইকিং ও ভ্রাম্যমান টিম কাজ করছেন।
এদিকে ভোটাররাও প্রস্তুত হচ্ছেন ভোট দিতে যাবার জন্য। করছেন শেষ মূহুর্তের বিশ্লেষণ। অপরদিকে প্রার্থী ও তাঁদের কর্মীরাও শেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন।