যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সংস্থাগুলোর ওপর রাজনৈতিক প্রভাব কমানোর লক্ষ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) প্রধান তুলসি গ্যাবার্ড।
‘ডিরেক্টরস ইনিশিয়েটিভ গ্রুপ’ (ডিআইজি) নামে পরিচিত এই টাস্কফোর্সটি গত বছর গঠন করা হয়েছিল। তবে শুরু থেকেই এটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার অভিযোগ করেছিলেন, টাস্কফোর্সটি নাকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের চাপে রাখতে ব্যবহৃত হচ্ছে। তার দাবি ছিল, বিরোধী কণ্ঠ দমনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার টাস্কফোর্সটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এক বিবৃতিতে তুলসি গ্যাবার্ড জানান, ডিআইজি-তে কর্মরত সদস্যদের তার দপ্তরের অন্যান্য ইউনিটে পুনর্বিন্যাস করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিক ঘোষণার আগে দুটি সূত্র জানিয়েছিল, কিছু বিতর্কিত পদক্ষেপ ও অভ্যন্তরীণ সমালোচনার পর এই ইউনিট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
টাস্কফোর্সটির কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনে রাজনৈতিক টানাপোড়েন চলছিল। সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে সেই বিতর্কের আপাত অবসান ঘটল।
কী-ওয়ার্ডসঃযুক্তরাষ্ট্র গোয়েন্দা,ডিআইজি টাস্কফোর্স,তুলসি গ্যাবার্ড