পশ্চিম কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। একটি হাইস্কুল ও নিকটবর্তী একটি বাসভবনে সংঘটিত এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আত্মহত্যার আলামত পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।
গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া প্রাণহানির ঝুঁকি নেই-এমন আঘাতপ্রাপ্ত প্রায় ২৫ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাসভবনে তল্লাশি চালিয়ে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না বা আশপাশে আর কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না তা নিশ্চিত করতে অতিরিক্ত তল্লাশি ও তদন্ত কার্যক্রম চলছে।
প্রাদেশিক তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল চলতি সপ্তাহের বাকি সময় বন্ধ থাকবে।
ঘটনাটি ঘিরে পুরো কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। তদন্ত অব্যাহত রয়েছে।
কী-ওয়ার্ডস:কানাডা গুলিবর্ষণ,স্কুল হামলা,ব্রিটিশ কলাম্বিয়া