শুক্রবার, মার্চ ৬, ২০২৬

তিন সপ্তাহের তুষার দুর্যোগে বিপর্যস্ত জাপান,প্রাণহানি ছাড়াল ৪৬

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-১০ ১২:৩৩:০৩
ছবি: সংগৃহীত।

জাপানে টানা প্রায় তিন সপ্তাহ ধরে চলা ভারী তুষারপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন অন্তত ৫৫৮ জন। মঙ্গলবার দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছে।
জানুয়ারির শেষ দিক থেকে অব্যাহত তুষারপাতে জাপানের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কার্যত বরফের চাদরে ঢেকে গেছে। বিশেষ করে জাপান সাগরমুখী উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র যানজট, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং দৈনন্দিন জীবনযাত্রায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্যমতে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বাড়ির ছাদে জমে থাকা ভারী বরফ ধসে পড়ার কারণে। এছাড়া বরফ পরিষ্কার করতে গিয়ে পিছলে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চলের আওমোরি অঞ্চলে বর্তমানে মাটিতে জমে থাকা বরফের পুরুত্ব ১ দশমিক ৩ মিটারের বেশি, যা চার ফুটেরও বেশি। সামনে আরও তুষারপাতের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

কীওয়ার্ডঃজাপান তুষারপাত,প্রাকৃতিক দুর্যোগ,আওমোরি বরফ


এ জাতীয় আরো খবর