ইরাকের উত্তরাঞ্চলের সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ বাইজি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তাসংস্থা এএফপি জানায়, শোধনাগারটির একটি ইউনিটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এক সময় বাইজি শোধনাগার ছিল ইরাকের সবচেয়ে বড় তেল পরিশোধন কেন্দ্র। আগুন লাগার পর দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইরাকি সরকারের নিরাপত্তা বিষয়ক মিডিয়া ইউনিট এক বিবৃতিতে জানায়, আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে দুর্ঘটনায় একজন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং ছয় জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বাইজির স্থানীয় কর্মকর্তা আদেল আল-দাজ এএফপিকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণেই এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উল্লেখ্য, বাগদাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাইজি শোধনাগারটি ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘ সংস্কারকাজ শেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শোধনাগারটি পুনরায় চালু করা হয়।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ ইরাকের অর্থনীতিতে তেল খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট বাজেট আয়ের প্রায় ৯০ শতাংশই আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে।