চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল,২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। পুলিশ জানায়,গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে (৭ ফেব্রুয়ারী) বিনোদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সীমান্তেবর্তী কালীগঞ্জ খোঁচাপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। অভিযানে একটি টিস্যু পেপারের শপিং ব্যাগের ভেতর আরেকটি ব্যাগে ইংরেজী সংবাদপত্রের তৈরী প্যাকেটে মোড়ানো ওই অস্ত্র,গুলি ও ম্যাগজিন পাওয়া যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ৭.৬৫ মিমি আমেরিকান পিস্তল,২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়েছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।