মঙ্গলবার, মে ২৬, ২০২৬

জনপ্রশাসনে বড় পদোন্নতি,১১৮ যুগ্ম সচিব হলেন অতিরিক্ত সচিব

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-২৮ ১২:০৮:৫৪
ফাইল ছবি

জনপ্রশাসনে উল্লেখযোগ্য রদবদলের অংশ হিসেবে ১১৮ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ২০তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে পদোন্নতি দেওয়া হয়েছে। যোগ্যতা বিবেচনায় থাকা মোট ৪০৭ জন কর্মকর্তার মধ্যে ১১৮ জনকে অতিরিক্ত সচিব পদে উন্নীত করা হলো। প্রশাসনের উচ্চস্তরে দীর্ঘদিন ধরে জমে থাকা শূন্যপদ পূরণ এবং কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল যদি এরই মধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
এছাড়া ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে, সংশ্লিষ্ট পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবরা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে নির্ধারিত ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র দাখিল করতে পারবেন। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এই আদেশ কার্যকর হয়েছে।

কী-ওয়ার্ডস:জনপ্রশাসন,পদোন্নতি,অতিরিক্ত সচিব


এ জাতীয় আরো খবর