সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

কাবুলে চীনা রেস্তোরাঁয় আত্মঘাতী বিস্ফোরণ: নিহত ৭, বিদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২১ ১০:৫৪:৫৬
ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশিদের আনাগোনা থাকা একটি চীনা রেস্তোরাঁয় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে শাহর-ই-নও এলাকায় সংঘটিত এই হামলায় আরও এক ডজনের বেশি মানুষ আহত হন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ঘটনার দায় স্বীকার করেছে।
আইএসের প্রচারমাধ্যম আমাক নিউজ এজেন্সির বিবৃতিতে বলা হয়, চীনা নাগরিকদের উপস্থিতি বেশি এমন স্থানকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি ভেস্ট পরে রেস্তোরাঁয় প্রবেশ করে নিজেকে উড়িয়ে দেয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন আফগান নাগরিক এবং একজন চীনা নাগরিক রয়েছেন। রেস্তোরাঁটি একজন আফগান ও এক চীনা দম্পতির যৌথ মালিকানায় পরিচালিত হতো।
হামলার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। বেইজিং আফগানিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের উচ্চঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগের নির্দেশ দেওয়ার পাশাপাশি আপাতত দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তালেবান ক্ষমতা গ্রহণের পর বিদেশিদের লক্ষ্য করে এটিকে অন্যতম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে, যা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

কীওয়ার্ডঃকাবুল আত্মঘাতী হামলা,আইএস সন্ত্রাস,আফগান নিরাপত্তা সংকট


এ জাতীয় আরো খবর