রবিবার, মে ৩১, ২০২৬

ইরানের মৃত্যুদণ্ড স্থগিতে ট্রাম্পের কৃতজ্ঞতা,সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১৭ ২১:২৬:৫৩
ফাইল ছবি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করায় দেশটির নেতৃত্বকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের এই পদক্ষেপকে বড় ধরনের ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, 'এই সিদ্ধান্তের প্রতি আমি গভীর সম্মান জানাই। যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল-যার সংখ্যা ৮০০-এরও বেশি-সেগুলো বাতিল করা হয়েছে। এজন্য ইরানকে ধন্যবাদ।'
এর আগে গত দুই সপ্তাহ ধরে ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। মানবাধিকার সংগঠনগুলোর দাবি ছিল, ওই সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তবে বুধবার ট্রাম্প জানান, তাকে জানানো হয়েছে যে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে-এ কারণেই তিনি আপাতত হস্তক্ষেপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের পক্ষ থেকে তাকে সামরিক হামলা থেকে বিরত রাখতে অনুরোধ করা হয়েছিল-এমন দাবি সঠিক নয়। তার ভাষায়, সৌদি আরব, কাতার কিংবা ওমান নয়, বরং ইরানের সাম্প্রতিক সিদ্ধান্তই তাকে প্রভাবিত করেছে।
শুক্রবার হোয়াইট হাউস থেকে ফ্লোরিডা যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। তারা কাউকে ফাঁসি দেয়নি-ফাঁসি বাতিল করেছে। এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
বিশ্লেষকদের মতে, ইরানের মৃত্যুদণ্ড স্থগিতের সিদ্ধান্ত এবং ট্রাম্পের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা সাময়িকভাবে হলেও প্রশমনের ইঙ্গিত দিচ্ছে।

কী-ওয়ার্ডসঃট্রাম্প-ইরান,মৃত্যুদণ্ড স্থগিত,মধ্যপ্রাচ্য উত্তেজনা


এ জাতীয় আরো খবর