শনিবার, মে ৩০, ২০২৬

ইরানে শান্তি প্রত্যাশা পাকিস্তানের,তেহরানের পাশে থাকার বার্তা ইসহাক দারের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১৭ ২০:৪৯:৩৫
ছবি: সংগৃহীত।

ইরানে সাম্প্রতিক বিদেশি মদদপুষ্ট অস্থিরতার প্রেক্ষাপটে দেশটিতে শান্তি ও নিরাপত্তা দ্রুত ফিরে আসবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই আশাবাদ জানান।
আলোচনায় ইরানের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি,নিরাপত্তা চ্যালেঞ্জ এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। একই সঙ্গে দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অস্থিরতা কাটিয়ে ইরান শিগগিরই স্থিতিশীলতা ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে-এমনটাই পাকিস্তানের প্রত্যাশা।
উল্লেখ্য, ইরানে সাম্প্রতিক অস্থিরতা শুরু হয় মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতিকে কেন্দ্র করে। ইরান সরকার দাবি করছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরোপিত নিষেধাজ্ঞাই এ সংকটের মূল কারণ। গত ৮ জানুয়ারি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন একযোগে বিভিন্ন সরকারি, রাষ্ট্রীয় ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটে।
ইরানি কর্তৃপক্ষ জানায়, ওই সময় সশস্ত্র গোষ্ঠীগুলো দোকানপাট, ব্যাংক,পরিবহন কেন্দ্র ও উপাসনালয়ে হামলা চালায়, যাতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সাধারণ নাগরিক হতাহত হন। সরকারের অভিযোগ, এসব সহিংসতার পেছনে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী শক্তির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রকাশ্য সমর্থন ও শান্তি কামনার বার্তাকে আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: প্রেস নিউজ

কী-ওয়ার্ডসঃইরানে শান্তি,ইসহাক দার,পররাষ্ট্রমন্ত্রী 


এ জাতীয় আরো খবর