শনিবার, মে ৩০, ২০২৬

ইরানে মোসাদের বড় নাশকতার পরিকল্পনা নস্যাৎ, ৬০ হাজার অস্ত্র জব্দের দাবি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১৭ ০৭:৫৪:৫৬
ছবি: সংগৃহীত।

ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বড় ধরনের নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেহরানে সহিংস হামলার জন্য পাঠানোর আগেই প্রায় ৬০ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং মোসাদ-প্রশিক্ষণপ্রাপ্ত একটি সশস্ত্র চক্রকে ভেঙে দেওয়া হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে এই চক্রটি পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শুরুতে শান্তিপূর্ণ থাকা আন্দোলনকে বিদেশি মদদে ধীরে ধীরে রক্তক্ষয়ী রূপ দেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি করা হয়েছে।
ইরানের আইনশৃঙ্খলা বাহিনী কমান্ড ফারাজার এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়। এসব অস্ত্র তেহরানে পাচারের পরিকল্পনা ছিল। অভিযানে অন্তত দুইজন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
এছাড়া গোয়েন্দা সংস্থাগুলো পৃথক অভিযানে একটি সশস্ত্র ও বিপজ্জনক চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করেছে। এই চক্রের লক্ষ্য ছিল হত্যাকাণ্ড চালানো এবং বিক্ষোভকে সহিংস সংঘাতে রূপ দেওয়া।
ইরানি গণমাধ্যমের প্রকাশিত ছবিতে একে-৪৭ রাইফেল, শটগান, আধুনিক আগ্নেয়াস্ত্র ও স্যাটেলাইট ফোনসহ উন্নত যোগাযোগ সরঞ্জামের উপস্থিতি দেখা গেছে। ইরানের অভিযোগ, এসব কর্মকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো মাঠপর্যায়ে সক্রিয় ছিল।

কী-ওয়ার্ডস:ইরান নিরাপত্তা,মোসাদ অভিযোগ,তেহরান সহিংসতা,ইসরায়েল ইরান


এ জাতীয় আরো খবর