সোমবার, মে ২৫, ২০২৬

ইরানে দমন-পীড়ন বন্ধের আশ্বাস: ট্রাম্পের দাবি, মৃত্যুদণ্ড দিচ্ছে না তেহরান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১৫ ২০:৩১:৩২
ছবি: সংগৃহীত।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আপাতত বন্ধ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তেহরানের পক্ষ থেকেই তাকে এ ধরনের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমননীতি গ্রহণ করা হলে যুক্তরাষ্ট্র কঠিন অবস্থান নিতে পারে—এমন সতর্কবার্তা তিনি আগেই দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই ইরান সরকার নরম সুরে অবস্থান নিয়েছে বলে তার দাবি।
একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ নাকচ করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে কাউকে ফাঁসিতে ঝোলানোর কোনো পরিকল্পনা সরকারের নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া ইরানের আন্দোলন গত কয়েক সপ্তাহে শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ নিহত এবং ১০ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। দেশটিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি বুধবার ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সুলতানির মৃত্যুদণ্ড শেষ মুহূর্তে স্থগিত করে কৌশলগত অবস্থান নেয় ইরান সরকার।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে তেহরান আপাতত কঠোর অবস্থান থেকে সরে এসে পরিস্থিতি সামাল দেওয়ার পথ বেছে নিচ্ছে।

কী-ওয়ার্ডস:ইরান বিক্ষোভ,ডোনাল্ড ট্রাম্প,মানবাধিকার সংকট

 


এ জাতীয় আরো খবর