সোমবার, মে ২৫, ২০২৬

অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি: ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১৫ ০৯:২৪:৩৫

অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ৭৫টি দেশের নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের সুযোগ আরও সংকুচিত হলো।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, নতুন করে স্ক্রিনিং ও যাচাই-বাছাই জোরদার করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, যারা কল্যাণভাতা ও সরকারি সুবিধা গ্রহণের মাধ্যমে মার্কিন জনগণের ওপর আর্থিক বোঝা হয়ে দাঁড়াতে পারে, তাদের প্রবেশ ঠেকাতেই এ পদক্ষেপ।
পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র টমি পিগট বলেন, স্টেট ডিপার্টমেন্ট তাদের বিদ্যমান আইনি ক্ষমতা ব্যবহার করে এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণা করবে, যারা ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারে বা মার্কিন ব্যবস্থার অপব্যবহার করতে পারে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়নের সময় এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলেও জানান তিনি।
ফক্স নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে, যাতে চলমান যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত এসব দেশের অভিবাসী ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। তবে এই সিদ্ধান্ত অ-অভিবাসী, অস্থায়ী পর্যটক কিংবা ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
ক্ষমতায় ফিরে আসার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ ও বৈধ—উভয় ধরনের অভিবাসন সীমিত করার নীতি গ্রহণ করেছেন। এর আগে ব্রাজিল, ইরান, রাশিয়া ও সোমালিয়ার নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়, যা ২১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাশিয়া, ইরান, আফগানিস্তান ও আফ্রিকার কয়েকটি দেশসহ আরও কিছু দেশের নাগরিকদের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত নভেম্বরে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলির ঘটনায় এক আফগান অভিবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর ১৯টি দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ বা সীমিত করা হয়। পরে ডিসেম্বরে এই নিষেধাজ্ঞা আরও পাঁচটি দেশ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা নথিতে ভ্রমণকারীদের ক্ষেত্রেও সম্প্রসারিত হয়।
নতুন সিদ্ধান্তে যেসব দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত হয়েছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, রাশিয়া, আফগানিস্তান, নেপাল, নাইজেরিয়া, মিসর, সোমালিয়া, সিরিয়াসহ মোট ৭৫টি দেশ।

কী-ওয়ার্ডস:যুক্তরাষ্ট্র অভিবাসন,ভিসা স্থগিত,ট্রাম্প প্রশাসন


এ জাতীয় আরো খবর