সোমবার, মে ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লে পরিস্থিতি ভয়াবহ হবে: জাতিসংঘের সতর্কবার্তা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১৪ ২১:৫৯:০৫
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সামরিক হামলার ইঙ্গিতপূর্ণ বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য-যেখানে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে-উত্তেজনা প্রশমনের পরিবর্তে পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে।
ডুজারিক বলেন, “জাতিসংঘ ইরান পরিস্থিতিকে কেন্দ্র করে সামরিক অভিযানের মতো বক্তব্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এ ধরনের বক্তব্য উত্তেজনা বাড়াতে পারে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।” তিনি জোর দিয়ে বলেন, সামরিক হুমকির বদলে কূটনীতিক উদ্যোগ ও সংলাপই হওয়া উচিত সকল সদস্য রাষ্ট্রের প্রধান অগ্রাধিকার।
জাতিসংঘের মুখপাত্র আরও জানান, বর্তমান পরিস্থিতি সত্ত্বেও ইরান থেকে জাতিসংঘের কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। লিখিত বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে ইরানে জাতিসংঘের ৪৬ জন আন্তর্জাতিক কর্মী এবং ৪৪৮ জন স্থানীয় কর্মী কাজ করছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। ইরানি মুদ্রা রিয়ালের দ্রুত অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শহরে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যেখানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
বিশ্লেষকদের মতে, এই অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বেড়ে গেলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘের কূটনৈতিক সমাধানের আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পাচ্ছে।

 


এ জাতীয় আরো খবর