বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

স ঙ্গী তা ক র

  • পরিব্রাজকের পথে
  • ২০২৬-০১-১০ ১৯:০৭:৫৭

মানুষ‌ই পারে ঈশ্বরের পথ অনুসরণ করতে
বলে সন্ন্যাসিনী ধ্যানস্থ হলেন, 
আমি তাঁর চারপাশে বিশ্বরূপ খুঁজতে লাগলাম 
যদি পাওয়া যায় এক চিলতে কিছু 
তবে দেখা হবে পৃথিবী! 
তিনি কি বুঝলেন জানিনা তাঁর ঠোঁট নড়ে উঠলো 
বন্ধ চোখের বেষ্টনী ভেদ করে বেরিয়ে এলো জ্যোতির্ময় আলো 
চারিদিকে ছড়িয়ে পড়লো আত্মবিশ্বাস 
ভিতরে শক্তি অনুভব করলাম, 
তিনি বললেন 'এসো এ মাটি কে প্রণাম করো
ছুঁয়ে প্রতিজ্ঞা করো আগলে রাখার, 
এ তোমার মা 
এখানে বসে তাকিয়ে দেখো চারিদিক, 
ওই যে তোমার ডানদিকে মেহনতি মানুষ দেখছো
দিনরাত পরিশ্রম করছে 
ওরা তোমার ভাই 
ওদের ক্লান্তিতে তোমার ভরসা ছড়িয়ে দাও। 

এবার তোমার বাঁদিকে তাকাও দেখো যে ছেলেটি গোপনে শরীর গড়ছে 
ওর বুকে আগুন লুকানো 
ও নিজেকে আহুতি দিতে চলেছে মায়ের জন্য! 
ওকে সাহস দাও 
ও তোমার‌ই মতো একজন
ওর মধ্যে জ্বালিয়ে দাও প্রতিবাদের মশাল।

হৃদয়ের দৃষ্টিতে তাকিয়ে দেখো
উদীয়মান সূর্যের আলোয় খাবার খুঁজতে বেরোচ্ছে যে হতভাগিনী, 
ওর ঘরে ছোটো ছোটো শিশু 
ক্ষুধায়, জরাজীর্ণতায় ওদের প্রাণ ওষ্ঠাগত 
ওদের বাঁচিয়ে তোলো 
ওদের দিকে হাত বাড়াও।

এবার সামনে তাকাও যতদূর পথ এগিয়ে চলেছে তুমিও এগিয়ে যাও 
পথে যেতে যেতে দুঃখ, কষ্ট, দৈন্য দূর করো
পৃথিবী কে জানিয়ে দাও তোমার উদারতা 
মানুষকে জানিয়ে দাও তোমার ধর্ম মানবিকতা 
সবাইকে জানিয়ে দাও তোমার ব্রত জীবের সেবা করা,
কথা শুনে আমি মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলেছি পাহাড়- পর্বত অতিক্রম করে, 
আমি চলেছি নদী-নালা অতিক্রম করে
এগিয়ে চলেছি সমগ্র ভারত অতিক্রম করে পৃথিবীর বুকে 
উনি আমার চোখে দিব্যদৃষ্টি দিলেন,
দেখলাম আমি আর একা নয় 
এদিক ওদিক থেকে এগিয়ে চলেছে সারি সারি মানুষ
সবাই উচ্চারণ করছে-- 
'জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর'
সবাই আকৃষ্ট অলৌকিক থেকে লৌকিক সম্মোহনে
দেবতা থেকে মানবের বন্ধনে।

কিন্তু পথের শেষ কোথায়?
কোথায় গিয়ে থামবে এ পথ? 
ভাবনার ঘোর ভেঙে দেখি 
অত্যন্ত দুর্বোধ্য হাতে নেওয়া 'The Master As I Saw Him'
বোধহয় নিবেদিতা ও সম্পূর্ণরূপে পাননি খুঁজে
মহামানবের দেহ নিঃসৃত আলো ছড়িয়ে গেছে মহাকাশ ছাড়িয়ে বহু আলোকবর্ষ দূরে
আরো দূরে।


এ জাতীয় আরো খবর