বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

খামেনিকে হত্যার হুঁশিয়ারি ঘিরে উত্তাপ: ইরানের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৮ ১১:০২:৩৩
ছবি: সংগৃহীত।

ইরানের চলমান গণবিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনাকর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের জনগণকে রক্ষার প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতেও পিছপা হবেন না।
স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ইরানের শাসকগোষ্ঠী যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা অব্যাহত রাখে, তাহলে তার কঠোর জবাব আসবে। তার ভাষায়, ইরানে পরিবর্তনের সময় ঘনিয়ে এসেছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় নিতে পারে।
মূল্যস্ফীতি, মুদ্রা সংকট ও অর্থনৈতিক দুরবস্থার জেরে ইরানজুড়ে ছড়িয়ে পড়া রক্তক্ষয়ী বিক্ষোভ ইতোমধ্যে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই সুযোগে ওয়াশিংটন থেকে ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর মন্তব্য আসছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টও সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র শক্ত প্রতিক্রিয়া দেখাবে।
অন্যদিকে, ইরানের বিচার বিভাগ আন্দোলন দমনে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই জানিয়েছেন, যারা বিক্ষোভে সহিংসতা, দাঙ্গা বা নেতৃত্ব দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রাষ্ট্র এ ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তবে এর মধ্যেই ভিন্ন সুর শোনা গেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠে। তিনি নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে অযথা দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সহিংস দাঙ্গাবাজদের মধ্যে স্পষ্ট পার্থক্য করার আহ্বান জানান তিনি।
ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের প্রকাশ্য হুমকি—এই দুইয়ের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের ভূরাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।

কী ওয়ার্ডস:ইরান বিক্ষোভ, খামেনি হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা


এ জাতীয় আরো খবর