বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

ভেনেজুয়েলার তেল ঘিরে শক্তির লড়াই: আটলান্টিকে মুখোমুখি যুক্তরাষ্ট্র-রাশিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৭ ২৩:০৫:১২
ফাইল ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির বিপুল তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশলে এগোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এমন দাবি উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বুধবার (৭ জানুয়ারি) এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্র চীন, রাশিয়া, ইরান ও কিউবার সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার চাপ দিচ্ছে।
এই প্রেক্ষাপটে আটলান্টিক মহাসাগরে রুশ পতাকাবাহী একটি তেলবাহী জাহাজকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন সামরিক তৎপরতার জবাবে রাশিয়া ওই এলাকায় শক্তিশালী নৌযান মোতায়েন করেছে। স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মধ্যবর্তী জলসীমায় গত সোমবার রাত থেকেই রুশ নৌবহর অবস্থান করছে বলে জানায় মস্কো।
খবরে বলা হয়, গত মাসে ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াতে ‘নৌ অবরোধ’ কার্যকর করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। সেই ধারাবাহিকতায় মার্কিন কোস্ট গার্ড একটি রুশ পতাকাবাহী জাহাজে তল্লাশির চেষ্টা চালায়, যদিও তা সফল হয়নি। পরবর্তীতে জাহাজটির নাম পরিবর্তন করে ‘মারিনেরা’ রাখা হয় এবং এটি রাশিয়ার পতাকায় পুনরায় নিবন্ধিত হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহন করছিল।
ইউরোপ অভিমুখে যাত্রাকালে জাহাজটির গতিপথে মার্কিন সামরিক টহল জোরদার হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের স্বার্থ ও সম্পদ রক্ষায় প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
এর আগে ‘দ্য স্কিপার’ নামের একটি ট্যাংকার আটক করে আন্তর্জাতিক জলসীমায় নিজেদের সামরিক ক্ষমতার বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এবার প্রতিপক্ষ হিসেবে রাশিয়া সরাসরি মাঠে থাকায় পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা, তেল সম্পদকে কেন্দ্র করে ক্ষমতার দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক জলসীমায় সামরিক মুখোমুখি অবস্থান—সব মিলিয়ে একটি নতুন ধরনের বৈশ্বিক ঠান্ডা সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে।

কী ওয়ার্ডস:ভেনেজুয়েলা সংকট,আটলান্টিক উত্তেজনা,মার্কিন-রাশিয়া সংঘাত


এ জাতীয় আরো খবর