বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

নিরাপত্তা ও মর্যাদায় আপস নয়: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনড় বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-০৭ ২১:২৫:১৮
ছবি: সংগৃহীত।

চলমান প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অটল রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের অবস্থান ও যুক্তি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করা সম্ভব হবে।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে আগ্রহী, তবে সেটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশে। তিনি উল্লেখ করেন, ভারতের পাশাপাশি সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, ভারতে খেলতে না যাওয়ার এই অবস্থান কেন নেওয়া হয়েছে, সে বিষয়ে আইসিসিকে বিস্তারিতভাবে বোঝানো হবে। আইসিসি যদি নিরপেক্ষ ও সহানুভূতিশীলভাবে বিষয়টি বিবেচনা করে, তাহলে বাংলাদেশ তার অর্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ থেকে বঞ্চিত হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ কোনো ঝুঁকি নেবে না। বিসিবি ইতোমধ্যে আইসিসিকে লিখিতভাবে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি জানিয়েছে। তিনি জানান, খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পন্সর এবং সমর্থকদের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বিদেশ সফরের ক্ষেত্রে সরকারি অনুমোদন প্রয়োজন হয়, তাই সরকার যে দিকনির্দেশনা দেবে বিসিবি সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চয়তা না মিললে বাংলাদেশ তার ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।
উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্সের তালিকা থেকে বাদ পড়ার পরই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে বাংলাদেশ।

কী ওয়ার্ডস:বাংলাদেশ বিশ্বকাপ,ক্রিকেট নিরাপত্তা,আইসিসি সিদ্ধান্ত


এ জাতীয় আরো খবর