শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের,পাল্টা যুদ্ধ প্রস্তুতির বার্তা পেত্রোর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৫ ২২:২৮:১৮
ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর এবার কোকেন উৎপাদন ও সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করে কলম্বিয়ার বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
হুমকির জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সোমবার (৫ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, তিনি ব্যক্তিগতভাবে সামরিক ব্যক্তি না হলেও যুদ্ধ ও গোপন সংগ্রামের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৯ সালের শান্তিচুক্তির পর আর অস্ত্র না ধরার শপথ করেছিলেন উল্লেখ করে পেত্রো বলেন, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেও তিনি প্রস্তুত।
এদিকে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়াকে ‘ভীষণ অসুস্থ একটি দেশ’ হিসেবে আখ্যা দেন এবং প্রেসিডেন্ট পেত্রোর বিরুদ্ধে কোকেন উৎপাদন ও যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহে জড়িত থাকার অভিযোগ তোলেন। কোনো প্রমাণ ছাড়াই তিনি দাবি করেন, কলম্বিয়ায় কোকেন মিল ও কারখানা রয়েছে এবং এই কার্যক্রম আর বেশিদিন চলতে দেওয়া হবে না। এমনকি ভেনেজুয়েলার মতো কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্পের এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে পেত্রো বলেন, তিনি কোনো মাদক ব্যবসায়ী নন। বরং সংবিধানের সুরক্ষা ও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় কোকেন জব্দের নির্দেশ দিয়েছেন তিনি। কোকা পাতার চাষ কমাতে স্বেচ্ছামূলক ফসল প্রতিস্থাপনের একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যা বর্তমানে প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে কার্যকর রয়েছে।
পেত্রো আরও দাবি করেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের সব বিধান মেনে মাদক পাচারনির্ভর সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে গোষ্ঠীগুলোর শীর্ষ নেতারা নিহত ও গ্রেপ্তার হয়েছেন। তিনি অভিযোগ করেন, এসব সশস্ত্র দল শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করত।
দেশ রক্ষায় জনগণ ও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি তার জনগণ ও সেনাদের ওপর পূর্ণ আস্থা রাখেন। বলিভারের উত্তরাধিকার বহনকারী কলম্বিয়া চিরকাল স্বাধীন থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কী-ওয়ার্ডস: ট্রাম্প হুমকি, কলম্বিয়া সংকট, গুস্তাভো পেত্রো


এ জাতীয় আরো খবর