সোমবার, মে ২৫, ২০২৬

ক্ষমতা বদলের আগ পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র-ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৪ ০৯:৫০:৩২
ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ ও নিরাপদ ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির প্রশাসনিক দায়িত্ব যুক্তরাষ্ট্র নিজেই পালন করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলাকে ‘সঠিক পথে’ ফেরাতে সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।
শনিবার ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরেন। ট্রাম্প এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকে ‘ইতিহাসের অন্যতম সফল ও শক্তিশালী প্রদর্শন’ বলে অভিহিত করেন।
ট্রাম্পের দাবি, কারাকাসের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে পরিচালিত অভিযানের সময় ভেনেজুয়েলার সামরিক শক্তিকে সম্পূর্ণভাবে অকার্যকর করা হয়। তাঁর ভাষায়, এমন অভিযান চালানোর ক্ষমতা বিশ্বের আর কোনো দেশের নেই।
মাদুরোর অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলার শাসনভার গ্রহণ করবে জানিয়ে ট্রাম্প বলেন, একটি গ্রহণযোগ্য ও ন্যায্য ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। প্রয়োজনে স্থলসেনা মোতায়েনেও যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভেনেজুয়েলার অস্থায়ী প্রশাসন পরিচালনার জন্য নির্দিষ্ট ব্যক্তিদের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। ইঙ্গিতপূর্ণভাবে ট্রাম্প জানান, তিনি নিজে এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা রাখবেন।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভেনেজুয়েলার জ্বালানি খাতে বড় পরিবর্তন আনবে। বিশ্বের শীর্ষ মার্কিন তেল কোম্পানিগুলো দেশটিতে বিনিয়োগ করে ধ্বংসপ্রাপ্ত তেল অবকাঠামো পুনর্গঠন করবে এবং এর মাধ্যমে ভেনেজুয়েলার অর্থনীতি নতুন করে ঘুরে দাঁড়াবে।
এদিকে, মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে জানিয়ে ট্রাম্প বলেন, তাঁদের বিরুদ্ধে গুরুতর অপরাধের বিষয়ে মার্কিন আদালতের কাছে শক্ত প্রমাণ রয়েছে।

কী-ওয়ার্ড:ভেনেজুয়েলা সংকট,ডোনাল্ড ট্রাম্প,মার্কিন হস্তক্ষেপ

 


এ জাতীয় আরো খবর