সোমবার, মে ২৫, ২০২৬

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের চিফ অব স্টাফ হিসেবে গোয়েন্দাপ্রধান বুদানভের নিয়োগ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৩ ১০:১০:০৬
ফাইল ছবি

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ ও শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতদিন তিনি দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় জেলেনস্কি জানান, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতকে আরও কার্যকরভাবে শক্তিশালী করার পাশাপাশি কূটনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই এখন ইউক্রেনের প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে প্রেসিডেন্টের দপ্তরের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নতুন চিফ অব স্টাফ কিরিলো বুদানভ।
জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা, নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনায় বুদানভের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং রাষ্ট্রের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় তার দক্ষতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ে তার সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ২০ দফার শান্তি আলোচনার অগ্রগতি চলার মধ্যেই এই নিয়োগ এলো। সম্প্রতি জেলেনস্কি দাবি করেছেন, সম্ভাব্য শান্তি চুক্তির প্রায় ৯০ শতাংশ বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
২০২০ সালের আগস্টে বুদানভকে সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেন জেলেনস্কি। ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একাধিক ঝুঁকিপূর্ণ ও কৌশলগত অভিযানে তার ভূমিকা আলোচিত হয়েছে। একই সঙ্গে মস্কোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সতর্ক বার্তা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইউক্রেনের অবস্থান স্পষ্ট করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এর আগে দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে গত নভেম্বরে তৎকালীন চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাককে বরখাস্ত করা হয়। দীর্ঘ এক মাসের বেশি সময় শূন্য থাকা পদে এবার দায়িত্ব নিলেন যুদ্ধকালীন অভিজ্ঞতায় পরিচিত কিরিলো বুদানভ।

কীওয়ার্ডসঃইউক্রেন যুদ্ধ,কিরিলো বুদানভ,শান্তি আলোচনা


এ জাতীয় আরো খবর