মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

কানাডায় বৈধতা সংকটে লাখো ভারতীয়,অভিবাসন নীতির কড়াকড়িতে বাড়ছে অনিশ্চয়তা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৩ ১০:০৩:৩৫
ফাইল ছবি

কানাডায় বসবাসরত বিপুলসংখ্যক ভারতীয় নাগরিক বৈধ থাকার অনুমতি হারানোর আশঙ্কায় পড়েছেন। কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং নতুন ভিসা বা স্থায়ী বসবাসের সুযোগ ক্রমেই সংকুচিত হওয়ায় আগামী কয়েক মাসে এই সংকট আরও তীব্র হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
কানাডার অভিবাসন দপ্তর আইআরসিসির তথ্য বিশ্লেষণ করে মিসিসাগাভিত্তিক অভিবাসন বিশেষজ্ঞ কানওয়ার সিরাহ জানান, ২০২৫ সালের শেষ নাগাদ দেশটিতে প্রায় ১০ লাখের বেশি ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। ২০২৬ সালের মধ্যে আরও প্রায় ৯ লাখ পারমিট মেয়াদোত্তীর্ণ হওয়ার পথে রয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে প্রায় ২০ লাখ মানুষ অনিয়মিত অবস্থায় পড়তে পারেন, যাদের বড় একটি অংশ ভারতীয় নাগরিক।
বিশেষজ্ঞদের মতে, কানাডা সরকারের সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতিই এই পরিস্থিতির মূল কারণ। অস্থায়ী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিয়ম কঠিন করা হয়েছে, পাশাপাশি রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন প্রক্রিয়াতেও বাড়ানো হয়েছে কড়াকড়ি। ফলে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হচ্ছে, তাদের সামনে বৈধভাবে থাকার বিকল্প পথ দিন দিন সংকুচিত হয়ে আসছে।
এই সংকটের সামাজিক প্রভাবও স্পষ্ট হতে শুরু করেছে। বৃহত্তর টরন্টো অঞ্চলের কিছু এলাকায় নথিপত্রহীন অভিবাসীদের অস্থায়ীভাবে বসবাস করতে দেখা যাচ্ছে। অনেকেই বাধ্য হয়ে কম মজুরিতে নগদ টাকায় কাজ করছেন। পাশাপাশি বৈধ হওয়ার আশায় ভুয়া বিয়েসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও সামনে আসছে।
এ অবস্থায় অধিকার রক্ষাকারী সংগঠনগুলো সরকারের নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। নওজোয়ান সাপোর্ট নেটওয়ার্কসহ কয়েকটি সংগঠন জানুয়ারি থেকে বড় আকারের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তাদের দাবি, যারা কানাডার অর্থনীতিতে শ্রম দিচ্ছেন, তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হোক। ‘কাজের যোগ্য হলে, থাকারও যোগ্য’—এই দাবিকে সামনে রেখে তারা অভিবাসন নীতি সংস্কারের আহ্বান জানাচ্ছে।

কীওয়ার্ডসঃকানাডা অভিবাসন,ভারতীয় কর্মী,ওয়ার্ক পারমিট সংকট


এ জাতীয় আরো খবর