শনিবার, মে ৩০, ২০২৬

মূল্যস্ফীতি ও মুদ্রা সংকটে ইরানে ভয়াবহ বিক্ষোভ,বিভিন্ন শহরে প্রাণহানির খবর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০১ ২১:১৩:১৪
ছবি: সংগৃহীত।

লাঘামহীন মূল্যস্ফীতি ও জাতীয় মুদ্রার ধারাবাহিক দরপতনের প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো।
আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, পশ্চিম ইরানের লোরদেগান শহরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মানবাধিকার সংগঠন হেঙ্গাওয়ের দাবি, মধ্য ইরানের ইসফাহান প্রদেশেও নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
রোববার থেকে শুরু হওয়া এই আন্দোলনের সূচনা করেন দোকানদাররা। মুদ্রার অবমূল্যায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ থেকেই ধীরে ধীরে বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, গত তিন বছরে ইরানে সংঘটিত আন্দোলনগুলোর মধ্যে এটি অন্যতম তীব্র ও সহিংস পর্যায়ে পৌঁছেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, কুহদাশতে সংঘর্ষে তাদের অধিভুক্ত বাসিজ আধাসামরিক বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। তবে হেঙ্গাও বলছে, নিহত ওই ব্যক্তি বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান।
এদিকে দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের মার্ভদাশত শহরেও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া গেছে। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, কেরমানশাহ, খুজেস্তান ও হামেদান প্রদেশে বিক্ষোভ চলাকালে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, প্রাণহানির এসব তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কী-ওয়ার্ডস:ইরান বিক্ষোভ,মূল্যস্ফীতি সংকট,মুদ্রার দরপতন

 


এ জাতীয় আরো খবর