বাংলাদেশে পৌঁছেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের গভীর শোক ও শ্রদ্ধার বার্তা এতে তুলে ধরা হয়।
আজ বুধবার বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছে ভারত।
দুপুরে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত সাক্ষাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে এই শোকবার্তা হস্তান্তর করেন।
শোকবার্তায় ভারতের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবস্থান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানানো হয়।
এই শোকবার্তা হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশের এই বরেণ্য নেত্রীর প্রয়াণে আন্তর্জাতিক পরিসরে গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো।
কী-ওয়ার্ডস:খালেদা জিয়ার মৃত্যু,ভারতের শোকবার্তা,তারেক রহমান জয়শঙ্কর