ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ
অস্পষ্ট দূরের গাছপালা ও জল-নদীতীর
তবু তুমি হাস্যোজ্জ্বল বাৎসল্য গরবে
নাতিশীতোষ্ণ তোমার সবুজ পেড়ে আঁচল
ঠোঁটে উচ্ছ্বসিত উষ্ণপ্রস্রবণ -- চুম্বনে ভিজে যাই।
উত্তরবঙ্গের পথশিশুর মতোই শীতার্ত আমি
তোমার বুকের ওমে স্পন্দিত হই
মোটা কাপড়, কম্বল, হাতমোজা পাবো কোথায় !
মাথার ওপরে পলিথিনের আচ্ছাদন
শুনসান রাজপথের বরপুত্র ভেবে আহ্লাদিত হই।
সূর্যটা অকৃপণ নয় -- কুহেলিকায় আক্রান্ত
সময়ে সময়ে এই রাত সুদীর্ঘ হয় দুঃখের মতন
আবার ক্রমান্বয়ে দিন গিলে খায় রাতের উচ্ছিষ্ট ,
অপেক্ষায় থাকি তখন সোনা মাখা রৌদ্রের ---
উলঙ্গ শিশুর মতোই সূর্যকে স্বাগত জানাবো বলে।