শনিবার, জুন ২৭, ২০২৬

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় যাতায়াত সহজ করতে বাড়ছে মেট্রোরেল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২৬ ২০:২৮:১৭
ফাইল ছবি

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিন রাজধানীতে অতিরিক্ত মেট্রোরেল চালু করা হবে এবং ট্রেন চলাচলের সময় ব্যবধানও কমানো হয়েছে।
একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ভর্তি পরীক্ষা হওয়ায় সম্ভাব্য জটিলতা নিরসনে সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। এমআইএসটির পরীক্ষার্থীদের সুবিধার্থে কিছু কেন্দ্র পরিবর্তন, অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র নির্ধারণ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মেট্রোরেলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, এ বছর বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে।
ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোর কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
এদিকে, এমআইএসটির ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা ঢাবির বিজ্ঞান ইউনিটের জন্য কেন্দ্র ঢাকায় স্থানান্তর করেছেন, তাঁদের পরীক্ষায় অংশগ্রহণ নির্বিঘ্ন করতে মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানোর পাশাপাশি পরীক্ষার দিনে অতিরিক্ত ট্রেন চলাচল করবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষা একদিন পিছিয়ে দিয়েছে। পূর্বঘোষিত ২৭ ডিসেম্বরের পরিবর্তে পরীক্ষাটি ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কীওয়ার্ডঃঢাবি ভর্তি পরীক্ষা,বিজ্ঞান ইউনিট,অতিরিক্ত মেট্রোরেল


এ জাতীয় আরো খবর