সোমবার, আগস্ট ১৭, ২০২৬

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ,তীব্র যানজট

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২৬ ১৪:২৮:৫৪
ছবি: সংগৃহীত।

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার ও রুহের মাগফেরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল করেছে ঢাবি শাখা ইনকিলাব মঞ্চ। মিছিলটি ক্যাম্পাস ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়।
শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা চারপাশের সড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শাহবাগ ও সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পোস্টে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করা হয়েছে, যিনি বর্তমানে পলাতক এবং ভারতে অবস্থান করছেন বলে আলোচনা রয়েছে।
ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

 


এ জাতীয় আরো খবর