বুধবার, আগস্ট ১৯, ২০২৬

হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সালের অবস্থান অজানা,তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২১ ২১:৪২:১৬
ছবি: সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বর্তমান অবস্থান সম্পর্কে পুলিশের কাছে এখনো নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফয়সালের শেষ অবস্থান নির্ধারণে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে। তবে এখন পর্যন্ত এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, যার ভিত্তিতে বলা যায় যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
হত্যাকাণ্ডটির পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি জানান, এখনো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। তদন্তের স্বার্থে সব সম্ভাব্য দিক যাচাই করা হচ্ছে এবং সঠিক তথ্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।
এ সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা বা ব্যক্তিকেন্দ্রিক বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটেছে—এমন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। ঘটনার শুরু থেকেই বিভিন্ন সংস্থা মাঠে সক্রিয়ভাবে কাজ করছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

কীওয়ার্ডসঃহাদি হত্যাকাণ্ড,ফয়সাল করিম,পুলিশ তদন্ত


এ জাতীয় আরো খবর