সোমবার, জুলাই ২৭, ২০২৬

গুলির ঘটনায় নড়েচড়ে বসলো যুক্তরাষ্ট্র, সাময়িকভাবে বন্ধ গ্রিন কার্ড লটারি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-২০ ০৯:২৫:০৩
ফাইল ছবি

ব্রাউন ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-তে সংঘটিত ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পর ডাইভারসিটি ভিসা বা গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষদ (ইউএসসিআইএস)কে ডাইভারসিটি ভিসা কর্মসূচি স্থগিত রাখতে বলা হয়েছে। জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কর্তৃপক্ষের তথ্যমতে, সাম্প্রতিক হামলার সন্দেহভাজন পর্তুগালের নাগরিক ক্লাউদিও নেভেস ভালেন্তে ২০১৭ সালে ডাইভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং পরবর্তীতে স্থায়ী বাসিন্দার মর্যাদা বা গ্রিন কার্ড লাভ করেন।
ক্রিস্টি নোয়েম বলেন, এই কর্মসূচির আওতায় আসা কোনো ব্যক্তির কারণে যাতে ভবিষ্যতে আর কোনো মার্কিন নাগরিক ক্ষতিগ্রস্ত না হন, সেজন্যই সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পুরো বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তি এমআইটির অধ্যাপক নুনো লুরেইরোকেও হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে নিউ হ্যাম্পশায়ারে পুলিশের অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়, যেখানে আত্মহত্যার আলামতের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ডাইভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সর্বোচ্চ ৫০ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে কর্মসূচিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কীওয়ার্ডস:গ্রিন কার্ড লটারি,ডাইভারসিটি ভিসা,যুক্তরাষ্ট্র গুলির ঘটনা


এ জাতীয় আরো খবর