চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহওে মাহাতাব হোসেন(৪০) নামে এক ঋণগ্রস্থ পেঁয়াজ ব্যবসায়ীর গলায় সিলিং ফ্যানের সাথে ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজশাহীর পুঁঠিয়া থানার ভাল্লুকগাছি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার(১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের সন্ধ্যা কমউিনিটি সেন্টার এলাকায় ভাড়া করা বাড়ির দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষে ফাঁস দেন মাহাতাব। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, মাহাতাব পূর্বে একটি ফিড (মাছও পশু খাদ্য) কোম্পানীতে চাকুরী করতেন। সেই কোম্পানী তাঁর নিকট পাওনা টাকার জন্য তাঁকে চাপ দিচ্ছিল। ধারণা করা হচ্ছে এ সংক্রান্ত কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা রাজ্জাক।