সোমবার, জুলাই ২৭, ২০২৬

শরিফ ওসমান হাদির হত্যায় উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-১৯ ২১:৪৩:১৪
ছবি: সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ছাত্র-জনতার আন্দোলনের পরিচিত নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে বাংলাদেশ সরকারের প্রতি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিবৃতিতে ফলকার তুর্ক দেশের সার্বিক পরিস্থিতিতে শান্তি বজায় রাখার ওপর জোর দেন এবং সবাইকে সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিশোধের পথ সমাজে বিভাজন আরও বাড়ায় এবং মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত করে।
জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, হাদির মৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
এছাড়া আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বিবৃতিতে উল্লেখ করেন ফলকার তুর্ক।

কীওয়ার্ডসঃশরিফ ওসমান হাদি,জাতিসংঘ উদ্বেগ,নিরপেক্ষ তদন্ত


এ জাতীয় আরো খবর