রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ট্র্যাজেডিতে প্রাণহানি হওয়া ৩৬ পরিবারের প্রত্যেককে ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সব আহত ব্যক্তিকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে।
তিনি আরও জানান, যেসব আহতের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হবে, তাদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবে সরকার। এ জন্য সরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধা নিশ্চিতে বিশেষ নিবন্ধন কার্ড সরবরাহ করা হবে।
সরকারের এই সিদ্ধান্ত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাময়িক সান্ত্বনা হলেও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
কীওয়ার্ডস:উত্তরা দুর্ঘটনা,আর্থিক সহায়তা,উপদেষ্টা পরিষদ