বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • ভাইসভার্সা
  • ২০২৫-১১-২০ ২২:১২:৫৪

সবকিছুরই উল্টো দিক আছে,
ঠিক আয়নার মতো-
আমি যেটা ভাবি সত্য,
পেছন ফিরে দেখি সেটাই আবার প্রশ্নবোধক।

আমরা কথা বলি আলো নিয়ে,
কিন্তু অন্ধকারই তো শেখায় আলোকে চিনতে।
আমরা স্বপ্ন দেখি উড়ে যাওয়ার,
কিন্তু পতনের ভয়ই ডানা শক্ত করে তোলে।
জীবন এমনই-
দুই বিপরীতের মাঝেই দাঁড়িয়ে থাকে আমাদের প্রতিটি সকাল।

ভালোবাসা কখনো নদীর মতো-
নিঃশব্দে বয়ে চলে,
আবার কখনো ঝড়ের মতো-
সামনের সব হিসাব উল্টে দেয়।
কোনো দিন ভারী, কোনো দিন হালকা,
কিন্তু প্রতিটা দিনই শেখায়
আমরা কতটা ভাঙ্গলেও
আবার গড়ে উঠতে পারি।

মানুষের মনও ভাইসভার্সা-
একদিকে যুক্তির দৃঢ়তা,
অন্যদিকে অনুভূতির অনন্ত কোমলতা।
কখনো আমরা এগোই হিসাব কষে,
কখনো আবার অকারণে কারও জন্য
নিজেকে উৎসর্গ করে দিই।
এই দুই দিকের সমান উপস্থিতির কারণেই
আমরা পুরো মানুষ।

সময়ও উল্টো পথে হাঁটে কখনো-
পুরোনো স্মৃতি ফিরে আসে,
ভুলে যাওয়া ব্যথা আবার টোকা দেয়,
যা হারিয়েছি মনে করি,
হঠাৎই তা ফিরে আসে অন্য কোনো রূপে।
জীবন যেন পিছিয়ে গিয়ে
নতুন করে শেখায়-
বুঝে নাও,
এটাই তার প্রকৃতি।

শেষ পর্যন্ত
আমাদের পথচলা হলো
হাজারো ভাইসভার্সার মিশ্রণ-
কষ্ট থেকে আনন্দ,
ভাঙা থেকে গড়া,
হারানো থেকে ফিরে পাওয়া।
এভাবে উল্টো-সোজা সব মিলিয়ে
জীবন তার নিজস্ব
চিত্রনাট্য লিখে চলে,
আর আমরা শুধু তার
নিরন্তর যাত্রী।
১৭-১১-২০২৫


এ জাতীয় আরো খবর