চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ৮টি ভারতীয় গরু এবং ৪ হাজার ৯৬০পিস নেশাজাতীয় ‘টেনসিউইন’ নামক ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার(২০ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে সদরের সূর্যনারায়ানপুর এলাকায় জহুরপুরটেক ও জহুরপুর বিওপি এবং শিবগঞ্জের মনোহরপুর বিওপির ৩টি বিশেষ টহলদল ৮টি গরু জব্দ করে। এর মধ্যে জহুরপুরটেক বিওপি ৪টি এবং জহুরপুর ও মনোহরপুর বিওপি ২টি করে গরু জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ণের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চোরাকারবারীরা ভারত থেকে গবাদিপশু বাংলাদেশে এনে পদ্মা নদীতে ভাসিয়ে ও অনান্য স্থানে লুকিয়ে রেখেছে মর্মে গোপন খবর পেয়ে অভিযান শুরু করা হয়। অভিযানে ৮টি গরু জব্দ হয়। জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্তে যে কোন অবৈধ কার্যকলাপ রোধ করে সীমান্ত সুরক্ষায় বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান অধিনায়ক মুস্তাফিজ।
বিজিবি আরও জানায়,বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রাম হয়ে বিপুল পরিমান নেশাজাতীয় ট্যাবলেট পাচার সম্ভাবনার গোপন খবরে অভিযান চালায় তেলকুপি বিওপির একটি বিশেষ টহলদল। আজমতপুর সীমান্তের মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২/২ এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে চালানো ওই অভিযানকালে এক চোরকারবারীকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে টহল দ;ল তাঁকে চ্যালেঞ্জ করে। এতে ওই চোরকারবারি তাঁর হতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল বস্তা তল্লাশী করে এর ভেতরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৪ হাজার ৯৬০ পিস নেশাজাতীয় ভারতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে। এর মূল্যে প্রায় ১০ লক্ষ টাকা।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ওই ট্যাবলেট শিবগঞ্জ থানায় জমা করা হবে। সীমান্তে বিজিবির মাদকসহ সকল প্রকার চোরাচালান বিরোধি তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।