জাতীয় নিরাপত্তা ও সাইবার শৃঙ্খলা রক্ষায় দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার বন্ধ করার অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সোমবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশের কথা জানানো হয়।
এনসিএসএ জানায়, সম্প্রতি দেশের কয়েকটি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। সংস্থাটির দাবি, এসব বক্তব্যে রয়েছে সহিংসতা উসকে দেওয়ার ইঙ্গিত, বিশৃঙ্খলা সৃষ্টির আহ্বান এবং অপরাধমূলক কার্যক্রমে প্ররোচনা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী এ ধরনের বক্তব্য প্রচার স্পষ্টভাবে আইনলঙ্ঘন। বিশেষ করে, অধ্যাদেশের ধারা ৮(২) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে প্রচারিত যেকোনো উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী তথ্য অপসারণ বা ব্লক করার ক্ষমতা দিয়েছে।
ধারা ২৬ (১) ও (২) অনুযায়ী, ছদ্ম পরিচয়ে কিংবা অবৈধ প্রবেশাধিকার ব্যবহার করে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা প্ররোচনাকারী বক্তব্য প্রচার করলে তা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ দশ লক্ষ টাকা জরিমানা আরোপের বিধান রয়েছে।
এনসিএসএ জানায়, তারা সাংবাদিকতা ও ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। তবে দণ্ডিত ও পলাতক ব্যক্তির সহিংসতামূলক বা উসকানিদায়ী বক্তব্য প্রচার দেশের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে, যা গণমাধ্যমের জন্যও আইনি জটিলতা তৈরি করবে। তাই আইনগত দায়বদ্ধতা বিবেচনায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কীওয়ার্ড: সাইবার সুরক্ষা, গণমাধ্যম সতর্কতা, জাতীয় নিরাপত্তা