রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করল ডিএমপি

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১১-১০ ২২:৩৯:১৫

জনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাজধানীর সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার অধীনে এ নির্দেশ জারি করা হয়েছে।
নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের এলাকা।
ডিএমপি জানিয়েছে, এসব স্থানে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একইসঙ্গে, বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করারও আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন, চলমান সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কীওয়ার্ডস:
ডিএমপি,সুপ্রিম কোর্ট, নিষেধাজ্ঞা


এ জাতীয় আরো খবর