উদীচীর উপদেষ্টা, কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, উদীচী ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি, দেশবরেণ্য চিত্রশিল্পী, শিক্ষাবিদ, গীতিকার ও সুরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক মতলুব আলী আজ ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, রাত ২.৩০টায় রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ এক শোকবার্তায় উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আজীবন কাজ করে যাওয়া এই শিল্পী সংগ্রামীর মৃত্যুতে দেশ ও জাতি যে ক্ষতির শিকার হলো তা পূরণ হবার নয়। তারা বলেন, অধ্যাপক মতলুব আলী মানবমুক্তির লক্ষ্যে যে সকল শিল্পকর্ম ও সাহিত্য রচনা করে গেছেন তার মাধ্যমে তিনি মানুষের মাঝে অমর হয়ে থাকবেন।
তাঁর সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অধ্যপক মতলুব আলীর জীবন ও কর্ম সমাজবদলের লড়াইয়ের সকল যোদ্ধাদের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে; দেশের মানুষ তাঁকে চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।